নিজস্ব প্রতিবেদক ঃ
আসন্ন ৮ নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শেখ মো: লুৎফর। ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও মানবাধিকার কর্মকাণ্ডের সাথে যুক্ত শেখ মো: লুৎফর বিভিন্ন সামাজিক অন্যায়, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের দাবি, তার এই সাহসী অবস্থান এবং জনসম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে শেখ মো: লুৎফরকে তারা দেখতে চান। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা না করলেও তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনি নির্বাচন করার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে তার অংশগ্রহণ এবং গণসংযোগও চোখে পড়ার মতো।
এদিকে, নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়লেও শেখ মো: লুৎফরের নাম সামনে আসায় প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে শেখ মো: লুৎফর বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে চায় এবং তাদের জন্য কাজ করার সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমি ইতিবাচক সিদ্ধান্ত নেব।”
পরিশেষে, তিনি জানান, খুব শিগগিরই এলাকার সর্বস্তরের জনসাধারণ ও ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেবেন। ফলে এখন পুরো এলাকায় তার ঘোষণাকে ঘিরে নতুন করে প্রত্যাশা ও উৎসাহ তৈরি হয়েছে।