জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতকঃঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ছাতক উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এমএ জাসিরকে শাল্লায় বদলি করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মাহবুর রহমানের স্বাক্ষরিত বার্তায় তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, ২০২২ সালের ৬ই মার্চ উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের প্যাকেজ এর আওতায় আরএইচডি বিলপাড় স্কিম প্রকল্পে ২ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার ৬৪৭ টাকা বরাদ্দ হয়। বিধিমতো ঠিকাদার কাজ না করে উপজেলার প্রকৌশলীর সঙ্গে গোপন চুক্তিতে কাজে নয়ছয় করার অভিযোগ তুলেন স্থানীয় এলাকাবাসী। পরে ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগের এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বরাবর একটি লিখিত অভিযোগ করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসেন নাজমুল ও স্থানীয় শামীম হোসেনসহ বেশ কয়েকজন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলের এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের নেতৃত্বে ৬ নভেম্বর সরেজমিন তদন্ত করা হয়। তদন্তে আরসিসি চালাইয়ের মাপের গরমিল, নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এখান থেকে শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। ##