নিজস্ব প্রতিবেদক, সিলেট
রোগীর স্বজনদের আটকে মারধরের ঘটনার ছবি ও তথ্য সংগ্রহ করতে গিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। ইন্টার্ন চিকিৎসকরা তাদের পিটিয়ে রক্তাক্ত করেছেন। তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া হামলায় রোগীদের অন্তত ২০ জন স্বজন আহত হয়েছেন।
গত বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল। জানা গেছে, বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকরা দলবদ্ধভাবে হামলা চালান। তারা রোগীর স্বজনদের বেধড়ক মারধর করেন।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা গিয়েও তাদের নির্ভৃত করতে পারেননি। খবর পেয়ে সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে যান সাংবাদিক নিবেন্দু তালুকদার ও রেজা রুবেল। তারা ছবি ও তথ্য সংগ্রহকালে তাদের ওপর সংঘবদ্ধ হামলা চালান ইন্টার্ন চিকিৎসকরা। দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে দুই সাংবাদিককে আহত করেন তারা।
পরে ওসমানী হাসপাতালেই তাদের অস্ত্রোপচার করে ছেড়ে দেওয়া হয়। এদিকে, হামলার প্রতিবাদে গতকাল দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও পেশাগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে সন্ধ্যায় সিলেটে কর্মরত সাংবাদিকদের সব সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এর আগে হামলার প্রতিবাদে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন কর্মরত সাংবাদিকরা।