১ম জানাজাঃ আজ শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে।
বিশেষ প্রতিনিধি
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন।
তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কৃতি সন্তান হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব শুধু একজন আইনজীবী কিংবা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, মানবিক ও জনদরদী ব্যক্তিত্ব। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আইন, সমাজসেবা ও রাজনীতির অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলা ছিল সততা, দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ।
তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, “মুজিব ভাই” ছিলেন অত্যন্ত আন্তরিক ও স্নেহশীল একজন মানুষ। সিনিয়র হয়েও তিনি সবার সঙ্গে আপনজনের মতো মিশতেন। দেশে ফিরলে অনেকেই তাঁর সঙ্গে দেখা না করে ফিরতেন না। তাঁর হাসিমাখা মুখ, আন্তরিক আচরণ এবং সবার খোঁজখবর নেওয়ার অভ্যাস মানুষকে গভীরভাবে আকৃষ্ট করত।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জসহ সিলেটজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা বিলাতুর রাজা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারন করা হয়েছে।
১ম জানাজাঃ আজ শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে।
২য় জানাজাঃ গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে বাদ আসর কেওটকোনা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।
আল্লাহ মরহুম মুজিব ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।