গত ১১/১০/২০২৫ খ্রিঃ, বিকাল ৩ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন এলাকায় অবস্থিত বিভিন্ন উচ্চ বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আপনারা যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, আমি সবগুলোর সাথেই একমত। বিশেষ করে ইভটিজিং নিয়ে আপনারা বলেছেন, ইভটিজিং-এর বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে কাজ করব এবং সামনে ম্যানেজিং কমিটির নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চাই প্রোঅ্যাকটিভ পুলিশিং-এর মাধ্যমে অপরাধের আগেই তা প্রতিরোধ করতে। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সচেতনতামূলক সেমিনার আয়োজন করব, যেখানে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, যানজট, পারিবারিক সহিংসতা, পরিবেশ সচেতনতা, পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা একটি নিরাপদ সড়ক ও নিরাপদ নগরী চাই। এজন্য সন্ত্রাস, মাদক চোরাচালান, ইভটিজিং, ছিনতাইসহ সব অপরাধ দমনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যানজট নিরসনেও আমরা কাজ করছি এবং ইতোমধ্যে এর সুফল মিলেছে। পুলিশি কাজ সবসময় চ্যালেঞ্জিং, তবুও আমরা সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের যদি সন্তানের মতো ভালোবাসা ও যত্ন দিয়ে গড়ে তোলা যায়, তাহলে তারাও বুঝবে—আমরা তাদের মঙ্গল চাই। অবাধ্যদেরও আদর ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সঠিক পথে আনা সম্ভব। এ জন্য প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। আমার একটি পরামর্শ—প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি “Discipline and Conduct” নামে একটি বিষয় চালু করা যেতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সামাজিকতা, পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও ভদ্র আচরণ সম্পর্কে শিখবে, যা তাদের মধ্যে দেশপ্রেম ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করবে। আজকের শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। তাই, সবাইকে আহ্বান জানাচ্ছি—আমরা যেন মিলে একটি সাসটেইনেবল সলিউশন খুঁজে একটি আধুনিক, নিরাপদ ও সুন্দর নগরী গড়ে তুলতে পারি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও সিলেট মেট্রোপলিটন এলাকায় অবস্থিত বিভিন্ন উচ্চবিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণ।