শেখ ফয়ছল আহমদ,ওসমানীনগর (সিলেট) থেকে:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা) হাট নিয়ন্ত্রণে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারসহ আশপাশের এলাকায় কোরবানির হাটে কোনো ধরনের বখাটেপনা, চাঁদাবাজি, যানজট বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহনের অযথা থামানো ও চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহনকে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে চলাচল করতে হবে। সিএনজি স্টেশন সরিয়ে নিয়ে মেইন রোডে ফুলকলি সংলগ্ন দক্ষিণ পাশে এবং দাশপাড়া রোডের উত্তর পাশে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।
নারীদের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে হাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটি, থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে কাজ করবে।
হাট চলাকালীন বাজার এলাকার গলিগুলোতে মেটর সাইকেল সহ সকল প্রকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি, গরুর হাটে পকেটমার, জাল টাকা লেনদেনকারী ও অন্যান্য অপরাধীদের ধরতে থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি। জাল টাকা শনাক্তকরণে থাকবে বিশেষ টিম।
তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ নজরদারি থাকবে এবং যেকোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।