ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আকছার (৫৫) পুনরায় পুলিশের জালে ধরা পড়েছেন। তিনি পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের বাসিন্দা সমছুমিয়ার ছেলে।
বহুল আলোচিত পুলিশ এসল্ট মামলার আসামি আকছারকে গ্রেপ্তারে জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের নির্দেশে এবং ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাতভর অভিযান চালিয়ে অবশেষে ১৪ এপ্রিল রাত ১টার দিকে তাকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে ওসমানীনগর থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর- ০১।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।