নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলা উদ্দিন সাজুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সিলেটের কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ আসামি করা হয়। মামলার নম্বর ৪৩/৫৬২।
পরিবারের স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলা উদ্দিন সাজু ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা, রাজনৈতিক হয়রানি, প্রাণনাশের হুমকি এবং একাধিক মামলার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এসব পরিস্থিতিতে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ভেঙে পড়েছে।
পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপি, জামায়াত-শিবিরের লোকজন হত্যার উদ্দেশ্যে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা বাড়িতে থাকা দুটি ব্যক্তিগত গাড়িতেও আগুন দেয় বলে অভিযোগ করেন স্বজনেরা।
তাঁদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় বাড়ির ভেতরে ছিলেন আলা উদ্দিন সাজুর স্ত্রী, মেয়ে এবং তাঁর বড় ছেলে, সাবেক কাউন্সিলর মো. তারেক উদ্দিন তাজ। পরিবারের সদস্যরা ঘরের ভেতরে থাকা অবস্থায় অগ্নিসংযোগের ঘটনায় চরম বিপদের মুখে পড়েন এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এ ঘটনার পর থেকেই পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে দাবি স্বজনদের। প্রাণনাশের আশঙ্কায় তাঁরা নিজ এলাকা ও বসতবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরিবারের সদস্যদের দাবি, আলা উদ্দিন সাজুর স্ত্রী ও মেয়ে বর্তমানে দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন। নানা কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
এদিকে আলা উদ্দিন সাজু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা। তারা বলেন, দুই ছেলের সাথে যুক্তরাজ্যে অবস্থান করার পরও মামলার আসামি করা হয়েছে আলা উদ্দিন সাজুকে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হয়রানি ও মামলার মুখোমুখি হতে হচ্ছে। এতে পরিবারের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
আলা উদ্দিন সাজুর ঘনিষ্ঠ আত্মীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ওপরও হামলার অভিযোগ রয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে অপহরণ করে মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়।
এ ছাড়া সাবেক কাউন্সিলর তারেক উদ্দিন তাজের চাচা মো. নাজিম উদ্দিন দীর্ঘদিন কারাভোগের পর বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
হামলা, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি ও একাধিক মামলার কারণে আলা উদ্দিন সাজুর বসতবাড়িটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যরা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করছেন। একদিকে নিরাপত্তার উদ্বেগ, অন্যদিকে মামলা ও আইনি জটিলতা, সব মিলিয়ে তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্বজনদের দাবি, দেশে ফিরে স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা না থাকায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, প্রাণনাশের আশঙ্কা ও মামলার কারণে পরিবারটি চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।