সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাকাউন্টস শাখার সহকারী হিসাবরক্ষক মফিজ আলীকে ঘিরে সম্পদের উৎস ও আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নগরীতে বহুতল ভবন এবং স্ত্রী-সন্তানের নামে তিনটি ব্যাংকে ৫ কোটি টাকা থাকার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
জানা গেছে, মফিজ আলীর গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে তিনি সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করেন। একসময় সিলেট নগরীতে শিক্ষার্থীদের টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে তিনি সিলেট সিটি করপোরেশনে চাকরিতে যোগ দেন।
অভিযোগ রয়েছে, তাঁর স্ত্রী-সন্তানের নামে তিনটি ব্যাংকে প্রায় ৫ কোটি টাকা জমা রয়েছে। পাশাপাশি নগরীতে রয়েছে বহুতল ভবন। একজন সিটি করপোরেশন কর্মচারীর আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য কতটুকু এবং সম্পদ অর্জনের অর্থের উৎস কীতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তবে এসব তথ্যের সত্যতা ও সম্পদের প্রকৃত মালিকানা ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল এবং সংশ্লিষ্ট নথিপত্রের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এদিকে, সিসিকের অ্যাকাউন্টস শাখার হিসাব-নিকাশেও অনিয়ম ও গরমিলের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বিল-ভাউচার, বিভিন্ন আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে পরীক্ষা করা হলে অভিযোগগুলোর সত্যতা বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
তাঁদের দাবি, সিসিক প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মফিজ আলীর সম্পদের উৎস এবং অ্যাকাউন্টস শাখার আর্থিক কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের উদ্যোগ নেবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী হিসাবরক্ষক মফিজ আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।