গোয়াইনঘাট প্রতিনিধি ( সিলেট)
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দি বর্তমানে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বালু মহালের ইজারার আড়ালে প্রতিদিন দানবাকৃতির বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যার ফলে হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র, বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় খেলার মাঠ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৪টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বিছনাকান্দি এলাকায় জয়নাল, আবজল, মাসুম, সুলতান ও বুরহানের নেতৃত্বে একদল ব্যক্তি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাথর উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে উনাদের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি । এতে তীব্র শব্দ, কম্পন এবং পরিবেশগত ক্ষতির কারণে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগ রয়েছে, মেসার্স মান্নান ট্রেডার্স হাদারপাড় বালু মহালের ইজারাদার হলেও, ইজারার সীমার বাইরে বিছনাকান্দি পর্যটন স্পট সংলগ্ন এলাকায় বালুর পরিবর্তে পাথর উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে ইজারাদার মান্নান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই এলাকায় বালুর সঙ্গে কিছু পাথর মিশ্রিত অবস্থায় পাওয়া যায় এবং সেগুলোই উত্তোলন করা হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এটি কেবল বালু উত্তোলনের বিষয় নয়; বরং পরিকল্পিতভাবে পাথর উত্তোলনের মাধ্যমে পর্যটন কেন্দ্র ও আশপাশের পরিবেশ ধ্বংস করা হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন,
"বিষয়টি নজরে আসার পর ইজারাদারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই পাথর উত্তোলন করা যাবে না। যদি পাথর উত্তোলনের প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বিছনাকান্দিকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর অভিযান পরিচালনা, অবৈধ পাথর উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ না নিলে বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ চিরতরে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।